প্রতিষ্ঠানের ইতিহাস

কক্সবাজার জেলা চকরিয়া উপজেলাস্থ হারবাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনগ্রসর প্রত্যন্ত অঞ্চল ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠী হলো রাখাইন সম্প্রদায়। ১৯৭৯ সালের দিকে প্রয়াত উ: আগ্যপ্রু সওদাগর ও তাঁর ছেলে প্রয়াত উ: ছাহলাখাইন সওদাগর এর উত্তরসূরীগণ শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত. উরাজিন্দা মহাথেরো কে ০২.০১ (দুই একর এক শতক) জমি দান করেন। উক্ত দানকৃত জমি থেকে পরবর্তীতে ১৯৯১ সালে শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত. উরাজিন্দা মহাথেরো সহ গ্রামে বিশিষ্ট বিদ্যুৎসাহী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় শাক্যমুনি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে বিদ্যালয়ের নামে ১.০০ (এক একর) জমি দান করা হয়। যা বর্তমানে শাক্যমুনি উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত ও পরিচিত। অত্র এলাকার শিক্ষা-দীক্ষায় অনগ্রসর পশ্চাদপদ রাখাইন সম্প্রদায়সহ পার্শ্ববর্তী অন্যান্য সম্প্রদায়কে সু-শিক্ষায় স্ব-শিক্ষিত করার মহান ব্রত নিয়ে ১৯৮৯ সনে শাক্যমুনি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পর্যায়ক্রমে অত্র বিদ্যালয়টি ১৯৯০ সনে ৭ম ও ১৯৯১ সনে ৮ম শ্রেণি খোলার অনুমোদন প্রাপ্ত হয়ে ১৯৯৪ সনে সদাশয় সরকার অত্র বিদ্যালয়টিকে এম.পি.ও ভুক্ত করা হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীর চাহিদা মোতাবেক ১৯৯৭ সনে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহনের অনুমতিসহ ২০০১ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়ে কর্মরত শিক্ষকদের এম.পি.ও ভুক্তির আওতায় আনা হয়। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৪০০ এর অধিক। শিক্ষার গুণগত মান্নোনয়ন ও শৃঙ্খলার স্বার্থে পুরো বিদ্যালয়টি সি.সি ক্যামেরায় অওতাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সমৃদ্ধ পাঠাগার ও বিজ্ঞানাগার রয়েছে। বোর্ড পরীক্ষা ফলাফলে পাশের হার ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডুয়েট, চুয়েটসহ দেশখ্যাত উচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে সমাজে লদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে ও হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দক্ষ পরিচালনা পর্ষদ কার্যকর রয়েছে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নৈতিকতা ও আদর্শ শেখার পরিবেশ পাচ্ছে। পরিশেষে বলা যায় পশ্চাদপদ, সুবিধাবঞ্চিত, দারিদ্রপীড়িত স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়াত ভদন্ত: উরাজিন্দা মহাথেরো, প্রয়াত উ: আগ্যপ্রু সওদাগর ও প্রয়াত উ: ছাহলাখাইন সওদাগর অত্র এলাকার যে আলোক বর্তিকা জ্বালিয়ে গেছেন তা আজ চকরিয়া উপজেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা নিকেতন হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। প্রতিষ্ঠাতাগণ প্রয়াত ভদন্ত: উরাজিন্দা মহাথেরো, প্রয়াত উ: আগ্যপ্রু সওদাগর ও প্রয়াত উ: ছাহলাখাইন সওদাগর এই প্রতিষ্ঠানকে নিয়ে যে স্বপ্ন দেখতেন তা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীসহ সকলের সহযোগিতায় আজ তা পূরণ হয়েছে।

© All rights reserved © 2023